পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের শীর্ষস্থানীয় আলেম, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব মাওলানা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আনোয়ার শাহ ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একসাথে জামিয়া ইমদাদিয়ায় পড়েছেন। মাদরাসার শ্রেণী বিন্যাসে তাঁরা একই শ্রেণীতে না পড়লেও পারিবারিক হৃদ্যতার দরুন উভয়ের মাঝে বেশ ঘনিষ্ঠতা ছিল। মাওলানা আনোয়ার শাহের পিতা হযরত মাওলানা আতাহার আলী (রহ.)-এর মুরীদ ছিলেন মাওলানা মাসঊদের বাবা মাস্টার আবদুর রশীদ (রহ.)। জাওয়ার হাইস্কুলের হেডমাস্টার থাকা অবস্থায় পীর সাহেবের পরামর্শে তিনি জামিয়া ইমদাদিয়ায় শিক্ষক হিসাবে যোগদান করেন। পীর সাহেবের প্রতি অপার শ্রদ্ধা ও ভালবাসায় নিজের একাধিক স্থাবর সম্পত্তিও তিনি মাদরাসায় দান করে দেন। তাঁর এই ভক্তির শক্তিমান নিদর্শন রূপে আজও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ‘রশীদ মঞ্জিল’।
পাথেয় টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আল্লামা মাসঊদের কাছে মাওলানা আনোয়ার শাহ সম্পর্কে জানতে চাইলে তিনি অশ্রুসজল হয়ে পড়েন। তিনি বলেন, আনোয়ার শাহ সম্পর্কে সব স্মৃতি এই মুহুর্তে ভিড় করে আসছে আমার স্বরণে। ছাত্রজীবনেও আমরা একসাথে ছিলাম। শিক্ষকতার সময়ও কিছুকাল আমরা সহকর্মী ছিলাম। শুধু আমি নই, আমাদের বাসায় তার নিয়মিত যাতায়াত থাকায় আমার ভাইদের সাথেও তার ভাল সম্পর্ক ছিল। স্বাধীনতার আগ পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। আমি ও আমার বড় ছেলে গতকালও তাকে দেখতে হাসপালে গিয়েছিলাম। আজকেও তার ভাইয়ের সাথে আমার ফোনে আলাপ হয়েছে।
আল্লামা মাসঊদ বলেন, মাওলানা আনোয়ার শাহ (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার শূণ্যতা পূরণ হওয়ার নয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, শোক দমিয়ে আমাদের এখন সবর করতে হবে। সবর ও দু’আ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আল্লাহ তাআলা তাঁর সাথে খায়রের ফায়সালা করুন।
প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) ধানমন্ডি শংকরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দেশের ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (রহ.)-এর জানাযার নামায অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


