পাথেয় টোয়েন্টিফের ডটকম : আল্লাহর জিকির সুন্দর ও শ্রুতিমধুর ভাবে করার কথা বলেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন।
তিনি বলেন, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তাই যখন আল্লাহর জিকির করবেন, তখন সুন্দর ও শ্রুতিমধুর ভাবে করবেন, অর্থ বুঝে বুঝে অন্তর থেকে জিকির করবেন। তবে যদি কোন ব্যক্তি ভুল ও অশুদ্ধ ভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকও শুনেন, তার ডাকেও সাড়া দেন।
শনিবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব আশুলিয়া পাড়াগ্রামে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ইসলামি প্রোগ্রামে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
জিকির ব্যতিত অন্য কোন ইবাদত আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেনি উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের মত ইবাদতও বেশি বেশি করতে বলেননি, কেবল মাত্র তার নামের জিকির বেশি বেশি করার মত বলেছেন।
তিনি বলেন, আল্লাহর জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। পৃথিবীর সর্বত্র এখন অশান্তি বিরাজ করছে, তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহ বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেছি। পৃথিবীতে আবার শান্তি আসবে, যদি আমরা আল্লাহ মুখী হই। বেশি বেশি করে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। এতে করে দ্বীনের কাজকর্ম করতে ভালো লাগে।
আল্লাহ তাআলাকে দিলের সাথী, নবীজী মুহাম্মদ (সা.)-কে আমলের সাথী বানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে এবং নবীজী (সা.)-কে আমলে রাখতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে এবং নবীজীকে আমলে রাখো, তাহলে জান্নাত তোমার জন্য অনিবার্য হবে।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বয়ান করেন খুলনার জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসায় মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, জামিআ ইকরা বাংলাদেশ সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়জুল্লাহ আমান, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হোসাইন আহমদ বারোকুটি প্রমুখ।
ইসলামি প্রোগ্রামে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।


