শুক্রবার জামিআ ইকরার খতমে বুখারী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে আগামি ১২ মার্চ শুক্রবার দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, এতে পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি সবাইকে খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় দেশের প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশের উদ্যোগ এ ১৪৪০-৪১ হিজরি মুতাবিক ২০২০/২১ শিক্ষাবর্ষ খতমে বুখারী, শিক্ষাসমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে ১২ মার্চ শুক্রবার বাদ আসর থেকে এশা পর্যন্ত এক দুআ মাহফিল হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে দুআ মাহফিল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আরও পড়ুন: অনলাইনে জামিআ ইকরার ইফতেতাহী দারস
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি ও জামিআ ইকরা বাংলাদেশের প্রশাসনিক মুহতামিম মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ-এর সুষ্ঠু তত্বাবধানে পরিচালিত ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশ। করোনার এই বছরেও শিক্ষার্থীদেরকে তাহকীকের সাথে পড়ানো হয়েছে, তাদের তালীমের সাথে সাথে তারবিয়াত তথা আমলের ইসলাহ ও আমলী মশকের ব্যবস্থা করা হয়েছে। আগামি ১২ মার্চ শুক্রবার তাদের খতমে বুখারী, শিক্ষাসমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হওয়ার আহ্বান জানাই।


