শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্থানীয় সময় রোববার (২১ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র রুয়ান গুনাসেকারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে। হামলার পর সেন্ট সেবাস্থিয়ানর ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনার পরিবারের সদস্যরা থাকলে সাহায্য করুন।

এই সিরিজ বোমা হামলার প্রায় ঘণ্টা খানেক পর আবারও কলম্বো ও এর পার্শ্ববর্তী একটি শহরে আরও দুইটি বোমা বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, এই বোমা হামলায় ব্রিটিশ, মার্কিন, জাপানিসহ মোট ৩৫ জন বিদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এই সিরিজ বোমা হামলার ঘটনার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক বিবৃতিতে দেশটির জনগণকে শান্ত থাকতে এবং সেইসঙ্গে এ বর্বর ঘটনার তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।

আর এই দিকে ভয়াবহ সিরিজ বোমা হামলায় মৃত্যু হওয়ায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শ্বজুড়ে সন্ত্রাসীরা ধর্মীয় উপাসনাগুলো তাদের হামলার লক্ষ্যস্থল নির্ধারণ করাকে একটি অসনিসংকেত হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, শ্রীলঙ্কায় নির্দয়ভাবে সিরিজ বোমা হামলা করে সাধারণ মানুষদের এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা দেশে দেশে ত্রাশ সৃষ্টি করে, যারা সমাজের শান্তি বিনষ্ট করে তারা কখনোই কোনো ধর্ম পরিচয় বহন করতে পারে না। এরা কেবলই সন্ত্রাসী। আমি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শোক জানাই। নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *