পাথেয় টোয়েন্টি ফোরডটকম (দেওবন্দ) : হালাল ব্যবসা-বাণিজ্য রিজিক বৃদ্ধি করে বলে অভিমত ব্যক্ত করেছেন মাওলানা আসিম সিদ্দিকী। তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে উপার্জনের ক্ষেত্রে হালাল ব্যবসা-বাণিজ্য একটি মহৎ পেশা। ইসলামে হালাল উপার্জন করে জীবন ধারণ করতে বলা হয়েছে এবং হারাম উপার্জন করা থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। আর মানুষ যত মাধ্যমে হালালভাবে উপার্জন করে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যবসা-বাণিজ্য।
মাওলানা সিদ্দিকী বলেন, হালাল ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ সর্বোত্তম মাধ্যম, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম, খোলাফায়ে রাশেদীন, আশারায়ে মুবাশশারাসহ অধিকাংশ সাহাবী ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার ভারতের বিখ্যাত ইলমি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের পাশে মাকতাবায়ে হোসাইনিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা আসিম সিদ্দিকী এসব কথা বলেন।
মাওলানা আসিম বলেন, সততা, আমানতদারী ও বিশ্বস্ততা ব্যবসা হালাল হওয়ার জন্যে প্রথম শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা বড় অপরাধী হিসাবে উত্থিত হবে। তবে যারা আল্লাহকে ভয় করবে, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত।’
অনুষ্ঠানে মাওলানা কাদরুজ্জামান কাসিমী হলেন, আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আমাদের সমাজের মানুষ এ হালাল ব্যবসার সাথে বিভিন্নভাবে হারামের মিশ্রণ ঘটিয়েছে। আর অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে লাভের পরিমাণটা দিন দিন বাড়ায়ি চলছে। মাওলানা কাসিমী ইনসাফের সাথে ব্যবসা-বাণিজ্য করার কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা তইয়ব রেজওয়ান, মাওলানা আনাস সিদ্দিকী, মাওলানা রফআত কাসিমী, মাওলানা ওয়াসিফ হোসাইন, মাওলানা আদিল সিদ্দিকী, কারী মোহাম্মদ আসিম, সাইয়্যিদ হারিস, মাওলানা আমির উসমানী, মাওলানা ফয়েজ সিদ্দিকী, মাওলানা খলীল প্রমুখ।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি আখবারে মাশরিক, দিল্লী, ভারত
সম্পাদনা : মাসউদুল কাদির


